নবনির্বাচিত জাকসুর জিএস: এ বিজয় সকল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:৩৬ পিএম
নবনির্বাচিত জাকসুর জিএস: এ বিজয় সকল শিক্ষার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর সমন্বিত শিক্ষার্থী জোট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, “আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এটি কেবল আমাদের নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বিজয়। আমরা মনে করি আজ আমরা কেবল নির্বাচিত হয়েছি, প্রকৃত বিজয় অর্জিত হবে যেদিন আমরা দায়িত্ব শেষ করে পরবর্তী জাকসু নির্বাচন আয়োজন করতে পারবো এবং শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে আমরা তাদের আস্থা ও দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি।”

ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১২১১ ভোট এবং ছাত্রদলের মো. শেখ সাদি হাসান পেয়েছেন ৬৪৮ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে সমন্বিত শিক্ষার্থী জোটের মো. মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১২৩৮ ভোট। ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইএইচ