ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, “ফিলিস্তিন যতদিন মুক্ত না হবে, যতদিন স্বাধীন না হবে, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। গাজায় ত্রাণ বহনকারী নৌবহর আটক এবং সেখানে শত শম কর্মীসহ সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করার খবরের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। রিপোর্টে বলা হয়েছে, ওই বহরে প্রায় ৪০টি জাহাজ ছিল এবং এর বেশিরভাগই আটক করা হয়েছে।
রফিকুল ইসলাম খান বলেন, “নিষ্ঠুর ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক গণহত্যা পরিচালনা করছে। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা; এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। আমরা প্রতিবাদ জানাচ্ছি — আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ড এবং গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতন ও শিশু হত্যাকারীদের বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরছে। গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা হয়েছে, সেখানে প্রায় পাঁচশ’র অধিক অধিকারকর্মী ও ত্রাণবাহী জাহাজের কর্মী গ্রেপ্তার করা হয়েছে; এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেক দেশ ফিলিস্তিনের পক্ষে মত দিয়েছেন।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিন ও গাজাকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বিশ্বের কিছু শক্তিধর দেশ ছোট্ট ইসরায়েলের পক্ষে অস্ত্র ও সমর্থন দিয়ে এই নৃশংস ঘটনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এই অনৈতিক সহায়তা মানবতার বিরুদ্ধে এক ধরনের খেলায় পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে—ইনশাআল্লাহ। আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই—অবিলম্বে ইসরায়েলের হাতকে দমন করুন, দখল হওয়া অঞ্চলগুলো দ্রুত মুক্ত ঘোষণা করুন এবং ত্রাণবাহী জাহাজের কর্মীদের অবিলম্বে মুক্তি দিন। বাংলাদেশ সরকারের নিন্দা ও মুক্তির দাবিকেও আমরা স্বাগত জানাই। যতদিন ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে না, ততদিন মুসলমানদের লড়াই, সহানুভূতি ও সংগ্রাম অব্যাহত থাকবে।”
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন