বিএনপি পালিয়ে যাওয়া দল নয়: ডা. জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:৫১ পিএম
বিএনপি পালিয়ে যাওয়া দল নয়: ডা. জাহিদ হোসেন

বিএনপি মানুষের পাশে থাকা দল, পালিয়ে যাওয়ার দল নয় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

শনিবার রাত ৯টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের উপস্থিতিই প্রমাণ করে, আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কতটা ভালোবাসেন। এই যে পল্লী বিদ্যুৎ আপনারা দেখছেন, এটি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি কী করবে, তা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার।’

বিনোদনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মামুন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইএইচ