শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুনতাসির মাহমুদকে এনসিপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১১:০৭ পিএম
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুনতাসির মাহমুদকে এনসিপি থেকে বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দক্ষিণাঞ্চলীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে। 

বুধবার সন্ধ্যায় দলের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে তার অব্যাহতি সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। ১৪ অক্টোবর তিনি লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় দলীয় শৃঙ্খলা কমিটির সুপারিশে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের পর রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক পদে নিয়োগ পান মুনতাসির মাহমুদ। তবে অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একাধিকবার বিক্ষোভ করেন।

দলীয় সূত্র জানায়, এনসিপি নেতৃত্ব তাকে ওই বিক্ষোভ থেকে বিরত থাকতে বললেও তিনি নির্দেশ অমান্য করেন। ১২ অক্টোবর রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তাকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যাকে মুনতাসির প্রকাশ্যে অভিযুক্ত করে আসছিলেন।

চাকরি হারানোর পর মুনতাসির সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে মাহবুব আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে এনসিপির ভেতরে অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংগঠনের ভেতরের বিষয়ে প্রকাশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া এবং বারবার দলীয় সিদ্ধান্ত অমান্য করা—এই দুই কারণে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলটির নেতৃত্ব জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক কাঠামো নতুন করে গঠন করা হবে। এ ছাড়া রেড ক্রিসেন্টের ঘটনায় যারা উত্তেজনা ছড়িয়েছিলেন, তাদের বিরুদ্ধেও অভ্যন্তরীণ তদন্ত চলছে।

তবে মুনতাসির মাহমুদ এখনো তার বহিষ্কার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

ইএইচ