বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা পাড়া-মহল্লায় রমরমা চাঁদাবাজির সাথে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। বিএনপি অনেক কষ্ট করে দলটিকে টিকিয়ে রেখেছে। বিএনপির অনেক নেতাকর্মী তাদের নেতাদের মাধ্যমে কোনঠাসা হয়ে পড়েছে। তারা অনেক সময় আমাদেরকে বলে, “তোমরা দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটাকে তারা ছিনিয়ে নিয়েছে।” আমরা রক্ত ও শ্রম দিয়ে ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি।
সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নয়, তাদেরকে আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করব। যারা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে তারা কখনো চাঁদাবাজিতে জড়াতে পারে না।
নিজ দল সম্পর্কে তিনি বলেন, অনেকেই এখন চায়ের দোকানে বসে মশকরা করে এনসিপি করেন, ভোটের পর আর খবর থাকবে না। আমি তাদেরকে বলব, ভালো কাজ অল্প সংখ্যক লোক দিয়েই শুরু হয়। অনেক সময় বলা হয় সমাজে যারা সংখ্যায় বেশি, তারাই কল্যাণকামী। এটি ভুল। কল্যাণকামী সবসময়ই কম সংখ্যক হয়। হাসিনার সময় যারা লড়াই সংগ্রাম করেছে, তাদের সংখ্যাও কম ছিল।
নিজ দলের নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা অনেকেই কোরাম করছেন। কী নিয়ে কোরাম করছেন? আজকের উপস্থিতি থেকে দেখা গেছে এই জেলার ৮ উপজেলায় যে জনপ্রতিনিধি দরকার, সেই পরিমাণ লোক এখানে উপস্থিত হয়নি। তাহলে কিভাবে কাজ করবেন? কোরাম করা লোকদের আমরা প্রয়োজন নেই। ভালো ১০ জন দিয়েই এনসিপির কমিটি হবে।”
জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “আমরা দেখছি ভালো নির্বাচন হবে। তবে অনেকেই ব্যালট না নিয়ে বুলেট বেছে নিয়েছে। তারা ভাবছে বুলেটের ভয় দেখিয়ে দেশের মানুষকে ফ্যাসিবাদী শাসনের মতো নিয়ে যেতে পারবে। ইতোমধ্যেই এনসিপির বিষয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে বলছেন, ‘যদি এনসিপিতে ভোট দাও, নির্বাচনের পরে খবর আছে।’ আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা ভয়পায়, তারাই জনগণকে ভয় দেখায়। যারা ভয় দেখায়, তারা অতি নিকটবর্তী ক্ষতির মধ্যে আছে। যারা সাহসী মানুষ তারা ভয় দেখায় না, তারা মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে। একটি দল এখন অস্তিত্ব সংকটে ভুগছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ্, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মোঃ মাহবুব আলম এবং কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন।
সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন