খন্দকার মোশাররফ

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানবে না বিএনপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:২২ পিএম
জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানবে না বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐক্যমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানবে না বিএনপি। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানায় দলটি। সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের পর এ মত জানায় দলটি।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা জুলাই জাতীয় সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণা প্রসঙ্গে যে বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল।  

তিনি বলেন, সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে বিএনপিসহ স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো তা মানতে বাধ্য থাকবে না। একইসাথে এমন সিদ্ধান্তের দ্বায় সরকারের নিতে হবে। 

এক প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ আরও বলেন, নির্বাচন নিয়ে নানারকম ষড়যন্ত্র চলছে, দেশকে অস্থিতিশীল করতে চাইছে যারা ভোটে অংশ নিতে পারছে না। সরকারকে সতর্ক থাকতে আহ্বানও জানান তিনি।

জেএইচআর