সালাহউদ্দিন আহমদ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ভবিষ্যতের জন্য ন্যায়বিচারের শিক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৩:৫৩ পিএম
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ভবিষ্যতের জন্য ন্যায়বিচারের শিক্ষা

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর, একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধের তুলনায় সাজা যথেষ্ট না হলেও এটি ভবিষ্যতে ফ্যাসিস্ট, স্বৈরাচারী বা একনায়কত্ব রোধে উদাহরণ হয়ে থাকবে।”

সালাহউদ্দিন আরও বলেন, “ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো অনিবার্য। বাংলাদেশে গুম, খুন ও বৈষম্যমূলক শাসনের ঘটনায় দায়ীদের জন্য এটি একটি শিক্ষা। আগামী দিনে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, কেউ একনায়কত্ব চালু করতে পারবে না এটাই এই রায়ের সবচেয়ে বড় শিক্ষা।”

তিনি আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য মামলাতেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং এই রায় ভবিষ্যতের জন্য একটি প্রেরণা হিসেবে কাজ করবে।

ইএইচ