বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “দেশ প্রেমিক ইসলামি জনতার যে ঐক্য আজ প্রতিষ্ঠিত হয়েছে, তা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে।”
মঙ্গলবার সকালে নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামীর দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ব। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। যে আন্দোলন আমরা শুরু করেছি, তা হয় আমাদের জীবন বিসর্জন যাবে, নয়তো দেশ এবং জাতির বিজয় আমরা ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশ শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বাছেদ কাসেমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম।
উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী। সভার সঞ্চালনা করেন শিবপুর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলান এবং নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।
সমাবেশে নরসিংদী-৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলামের হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি মাওলানা মামুনুল হক।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন