চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বিএনপি সূত্রে জানা গেছে, বর্তমানে খালেদা জিয়া শঙ্কামুক্ত রয়েছেন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা বোর্ডের তত্ত্বাবধানে চলছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসা একই বোর্ডের তত্ত্বাবধানে চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। এছাড়া ঢাকায় ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান খালেদা জিয়ার পাশে রয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ মোট ৩টি আসনে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন