তফসিল ঘোষণার সাথেই দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের: মিন্টু

ফেনী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:৪২ পিএম
তফসিল ঘোষণার সাথেই দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে মিন্টুর আগমনে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়। তবে তার গাড়িবহর ঘিরে দাগনভূঞা জিরো পয়েন্টে এক পর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মালবাহী ট্রাক থামিয়ে গাড়ির সামনে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ ওঠে দলের বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সহ–সভাপতি জামসেদুর রহমান ফটিকের সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল আওয়াল মিন্টু বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তফসিল ঘোষণার সাথেই তার আগমন ঘটবে। এ নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ যাই হোক না কেন, নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকারকে আমরা নির্বাচনকালীন সরকার হিসেবে সমর্থন দিয়েছি। সুতরাং জনগণের প্রত্যাশা, সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে,—যোগ করেন তিনি।

নিজেকে প্রথমবার সরাসরি নির্বাচনী প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে মিন্টু বলেন, এর আগে আমি আমার বাবা ও ভাইয়ের নির্বাচনে কাজ করেছি। এবার প্রথমবার জনগণের সেবা করার সুযোগ চাইছি। বাংলাদেশের আর্থ–সামাজিক পরিবর্তনের জন্য একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি।

তিনি দাবি করেন, আগামী নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হবে, যা তারেক রহমানের নেতৃত্বে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি পুনরুদ্ধার করবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা ধানের শীষকে বিজয়ী করলে ফেনী-২ আসনের উন্নয়নে সর্বোচ্চ অঙ্গীকার নিয়ে কাজ করব।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ডিলার, আনোয়ার হোসেন পাটোয়ারী, গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিনসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বাধা ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চলছে। তাদের দাবি, সাধারণ মানুষের সমর্থন অর্জনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ জোট বিভ্রান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে প্রবেশমুখে বিপুল মোটরসাইকেল ও গাড়ির বহরে মিছিল করে দলীয় নেতা-কর্মীরা মিন্টুকে স্বাগত জানান। সিলোনিয়া বাজার, বেকের বাজার ও দাগনভূঞার তুলাতলীতে ধারাবাহিক পথসভায় তিনি অংশ নেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

স্থানীয় জনগণ তাকে ঘিরে ফুলেল শুভেচ্ছা জানালে মঞ্চে দাঁড়িয়ে হাত নাড়িয়ে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেনী-২ আসনটিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের গণসংযোগ ও শোডাউন নির্বাচনপূর্ব পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তবে সাম্প্রতিক যানজট পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা গেছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আসে।

নির্বাচনী তফসিল ঘোষণাকে সামনে রেখে বিএনপি নেতাদের বক্তব্যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দলীয় শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন, তার আগমন বিএনপি কর্মীদের মনোবল বাড়িয়ে দেবে এবং সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

অন্যদিকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন মাঠে নেমেছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল ও জনসমাগমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

ইএইচ