জুমার পর খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দেশব্যাপী দোয়া কর্মসূচি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০১:৫৩ পিএম
জুমার পর খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দেশব্যাপী দোয়া কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীসহ দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হবে। বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় নিয়মে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়ার সুস্থতার জন্য সার্বজনীন প্রার্থনা প্রয়োজন।

এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল থাকলেও উন্নতি হয়নি। তার চিকিৎসা নিয়ে দল ও পরিবার গভীরভাবে উদ্বিগ্ন বলেও তিনি উল্লেখ করেন।

জেএইচআর