হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছেন মির্জা আব্বাস-রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৪:১৭ পিএম
হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছেন মির্জা আব্বাস-রিজভী

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী, হাদিকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদীর ওপর গুলি চালানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, "দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।"

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, "আমরা শুনেছি, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।"

ইএইচ