ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দুই সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, "আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।"
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, "হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদী ভাইকে হেফাজত করুন।"
রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন শরিফ ওসমান হাদী। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে বিজয়নগর এলাকায় বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। দ্রুত তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, "দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।"
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, "আমি শুনেছি হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন