ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
তিনি জানান, সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম এই কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।
তিনি এই কর্মসূচিতে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।
এর আগে দেওয়া আরেক পোস্টে সাদিক কায়েম ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অশনিসংকেত হিসেবে আখ্যা দেন।
তিনি দাবি করেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা আসন্ন নির্বাচন প্রতিহত করতে নানা কর্মসূচি ও হুমকি দিয়ে আসছে। প্রার্থীর ওপর এ ধরনের হামলা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা সৃষ্টি করেছে।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত গুলিবর্ষণকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা এবং ঘটনার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে, দলমত নির্বিশেষে মাঠে থাকা সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন