তারেক রহমানের প্রত্যাবর্তন: স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:২৩ পিএম
তারেক রহমানের প্রত্যাবর্তন: স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি বিএনপির

দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

তিনি জানান, প্রতিনিধি দলে তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নিরাপত্তা টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানের গাড়িতে ওঠা, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবং পরবর্তীতে গুলশানের বাসায় ফেরার রুটগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। নিরাপত্তার সার্বিক বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহল এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম সমন্বয় করছে। এ নিয়ে ইতিপূর্বে বেশ কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানের ফেরা উপলক্ষে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সহযোগিতা পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা ২৪ ডিসেম্বর রাত বা ২৫ ডিসেম্বর সকালের মধ্যে ঢাকায় উপস্থিত হয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান।

বিএনপির এই নেতা প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনা। এমন এক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে যা আগামী বহু বছর দৃষ্টান্ত হয়ে থাকবে। সারা দেশের মানুষ এই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী বিমানটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

ইএইচ