দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাতটি প্রধান রুটে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের আবেদন জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ও সমর্থক রাজধানী ঢাকায় সমবেত হবেন। যাত্রীচাপ বিবেচনায় নিয়ে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিশেষ ট্রেন বা নিয়মিত ট্রেনের সাথে অতিরিক্ত বগি রিজার্ভ করার জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিএনপি জানিয়েছে, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত সকল ভাড়া দলের পক্ষ থেকে পরিশোধ করা হবে।
যেসব রুটে বিশেষ ট্রেন বা বগি চাওয়া হয়েছে
- কক্সবাজার-ঢাকা
- সিলেট-ঢাকা
- জামালপুর-ময়মনসিংহ-ঢাকা
- টাঙ্গাইল-ঢাকা
- চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা
- পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা
- কুড়িগ্রাম-রংপুর-ঢাকা
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রিয় নেতাকে বরণ করে নিতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলো।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন