আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) আর নেই।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনে আসন্ন নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
বুধবার রাত থেকেই তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ দুপুরে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে তার চিকিৎসার তদারকি করছেন এবং প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দিচ্ছেন। সরকারের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তাও হাদির পাশে থাকার জন্য বুধবার সিঙ্গাপুরে পৌঁছান।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বর্ণনা করে জানা যায়, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। দুপুর ২টা ২৪ মিনিটে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা হাদির মাথায় গুলি করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজনে গত সোমবার সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠায়।
এই বর্বরোচিত হামলার ঘটনায় গত সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ওসমান হাদির এই অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন