মির্জা ফখরুল

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:১৪ এএম
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাত এবং পরবর্তী সময়ে সংবাদমাধ্যমসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ‘মব সন্ত্রাসের’ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে জাতি যখন শোকার্ত, ঠিক সেই মুহূর্তে ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হয়েছে। তিনি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারকে এই ঘটনার পুরো দায়ভার গ্রহণ করতে হবে।

বিএনপি মহাসচিব তার পোস্টে আরও উল্লেখ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে চলা বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর বর্তমান সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। তিনি অনতিবিলম্বে সরকারকে এসব হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল হাদির আততায়ীর বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি মব সন্ত্রাসের বিচার দাবি করেন। তিনি সব পক্ষকে এই সংকটকালীন সময়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঢাকা-৮ আসনের এই তরুণ নেতার প্রয়াণে তিনি গভীর শোক প্রকাশ করে পুনরায় হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।

ইএইচ