ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:১০ পিএম
ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকাণ্ডের বিচার এবং দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার রাতে যুক্তরাজ্য সফররত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বার্তায় তিনি বলেন, "শহীদ ওসমান হাদি একটি ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তার রক্ত বিফলে যাবে না।" 

জামায়াত আমির হাদি হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশবাসীকে ধৈর্য ও সতর্কতার সাথে স্যাবোটাজ রুখে দেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান দেশে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা ও অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের আমলের মতো গণমাধ্যমের ওপর নগ্ন হামলার সংস্কৃতিতে আমরা ফিরতে চাই না। 

এছাড়া ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনাকে ইসলাম পরিপন্থী ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন তিনি। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা দোসররা এসব স্যাবোটাজ পরিকল্পনার অংশ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ইএইচ