সালাহউদ্দিন আহমদ

হাদি হত্যার নেপথ্যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০২:৪১ পিএম
হাদি হত্যার নেপথ্যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর এবং জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, কিন্তু জনতা তা সফল হতে দেবে না।

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “তার ফেরার দিনে লক্ষ জনতার সমাবেশ হবে। সেই ঐতিহাসিক গণজমায়েত থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র নস্যাৎ করার কঠিন বার্তা দেওয়া হবে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, শরীফ ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে হারিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান তিনি।

ইএইচ