সালাহউদ্দিন আহমদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৫১ পিএম
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশ্ববাসী এই ধ্বংসযজ্ঞ দেখেছে। এটি কেবল দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে মিটে যাওয়ার মতো কোনো বিষয় নয়।

রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের বার্তা প্রধানদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমেদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, হামলার বিষয়ে আগাম ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না? আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর এক-দুই ঘণ্টা পর তারা সাড়া দিয়েছে বলে আমরা শুনেছি। নিরপেক্ষ নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের এমন ভূমিকা প্রশ্নবিদ্ধ।" তিনি অভিযোগ করেন, কিছু নির্দিষ্ট গণমাধ্যমকে টার্গেট করে ‘মব’কে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা সরকারের চরম দুর্বলতাকেই ইঙ্গিত করে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী করতে হবে যেন তারা গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করে। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক পছন্দ থাকতে পারে, তবে দেশের স্বার্থে আপনাদের সবসময় দেশের পক্ষে থাকতে হবে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে গণমাধ্যমের স্বাধীনতায় সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত ও কষ্টকর জীবন শেষে তাঁর এই ফেরা বাংলাদেশের গণতন্ত্রের স্তম্ভকে আরও শক্তিশালী করবে। জনগণ আশা করছে, তাঁর নেতৃত্বের মাধ্যমে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, সভায় ফ্যাসিবাদী গোষ্ঠীর অতীত কর্মকাণ্ড স্মরণে রেখে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

জেএইচআর