ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:১২ পিএম
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগ করা উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে এই ফরম সংগ্রহ করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম। পদত্যাগের পর থেকেই আসিফ মাহমুদের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছিল। কেউ ধারণা করেছিলেন তিনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন, আবার কারও মতে তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হবেন। 

তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ ঘোষণা করেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতীকে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন।

ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসনটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। এই আসনে ইতোমধ্যে বিএনপি তাদের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে মনোনয়ন দিয়েছে। 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়াই করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই আসনে এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করেনি।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার জন্য মুরাদনগর (কুমিল্লা-৩) থেকে তার ভোটার এলাকা পরিবর্তন করেন। 

আসিফ মাহমুদের এই আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত রাজধানীর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ