সরকারি গানম্যান প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:০৬ এএম
সরকারি গানম্যান প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। 

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় সাদিক কায়েমকেও গানম্যান দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না রেখে কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। তিনি বলেন, “ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর মানুষের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে পুরোনো শক্তির প্রভাবে জননিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করার এই উদ্বেগজনক পরিস্থিতিতে কেন এখনো জননিরাপত্তা নিশ্চিত হয়নি। 

তিনি আরও বলেন, “নিরাপত্তা সবার প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু নির্দিষ্ট মানুষের জন্য সীমাবদ্ধ থাকে, তবে তা ন্যায়বিচারের পরিপন্থি। সাধারণ মানুষ যখন অনিরাপদ, তখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।”

পরিশেষে, সাদিক কায়েম দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণই তার মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন।

ইএইচ