ঢাকা-৭ আসনে জেএসডির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাহানা সুলতানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৫৭ পিএম
ঢাকা-৭ আসনে জেএসডির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাহানা সুলতানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-৭ নির্বাচনী আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কবি সাহানা সুলতানা।

মঙ্গলবার দুপুরে লালবাগ নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। সাহানা সুলতানা ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে উপস্থিত ছিলেন, ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট লেখক অনীক ইসলাম জাভেদ, সংগঠক হাফেজ আহমেদ সিপলু, রুমেল আহমেদ এবং নারী নেত্রী খাদিজা আক্তার স্বর্ণাসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সাহানা সুলতানা ঢাকা-৭ আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। 

তবে নির্বাচনী পরিবেশ ও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং খুলনার এনসিপি নেতাকে যে কায়দায় আক্রমণ করা হয়েছে, তাতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর ও যত্নশীল হওয়ার আহ্বান জানাই।”

তিনি তাকে ঢাকা-৭ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় জেএসডির সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইএইচ