নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:৪৮ পিএম
নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বুধবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ডিএমপি ও সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর নিখোঁজ হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও অনুসারীরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। 

তাদের দাবি, ভৈরব থেকে বাসে করে আসার পথে গতিরোধ করে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ইএইচ