প্রায় দেড় যুগের নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।
হাসনাত আব্দুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন, জনাব তারেক রহমানের এই ফিরে আসা প্রমাণ করে যে, একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমেও চিরতরে ঠেকিয়ে রাখা যায় না। তিনি বলেন, “স্বৈরাচার যত শক্তিশালীই হোক, জনগণের রাজনৈতিক ইচ্ছাশক্তিকে তা দমিয়ে রাখতে পারে না। এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতের ত্যাগ এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে।”
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া প্রসঙ্গে তিনি লেখেন, গত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনে তারেক রহমান ও তাঁর পরিবার যেভাবে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে নির্বাসিত ছিলেন, তা ইতিহাসের এক উন্মুক্ত দলিল। হাসনাত আব্দুল্লাহর মতে, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে গণতন্ত্র শুধু নির্বাচনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হয়ে উঠবে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক প্রতিযোগিতার ন্যায্য পরিবেশ নিশ্চিত করার অন্যতম মাধ্যম।
তিনি আরও জোর দিয়ে বলেন, বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আজ আমরা যে মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই এখন মূল লড়াই। এই লড়াই যেন কোনো ব্যক্তি বা দলের মাঝে সীমাবদ্ধ না থাকে এবং জনগণের সার্বভৌমত্ব যেন পুনঃপ্রতিষ্ঠা পায়, তা নিশ্চিত করা প্রত্যেক রাজনীতিবিদের দায়িত্ব।
তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” পোস্টে তিনি তারেক রহমানকে স্বাগত জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের এই অংশগ্রহণ ইতিহাসের দায় পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন