বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল বশর (৬০) নামে এক প্রবীণ বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার আহম্মদ সোবহানের পুত্র এবং ওই ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।
দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে আনন্দ মিছিল বের করে ইউনিয়ন বিএনপি। মিছিল শেষে নেতাকর্মীরা স্থানীয় জিয়া স্মৃতি সংসদে (দলীয় কার্যালয়) বসে বিশ্রামের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল বশর।
কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শোক প্রকাশ করে বলেন, “আবুল বশর আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও দলীয় প্রতিটি কর্মসূচিতে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইছাখালীতে আনন্দ মিছিল শেষে এক বিএনপি নেতার মৃত্যুর সংবাদ তাঁরা পেয়েছেন। বিষয়টি হৃদরোগজনিত কারণে হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন