স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাধারণের প্রবেশ বন্ধ

এস এম মনিরুল ইসলাম, সাভার প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:৪৩ পিএম
স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাধারণের প্রবেশ বন্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভার সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তার এই আগমন ঘিরে আজ শুক্রবার সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকসহ কমপ্লেক্সের অভ্যন্তরে এবং ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলা পুলিশ জানিয়েছে, তারেক রহমানের এই সফর নির্বিঘ্ন করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে সাভার ও আশপাশের এলাকা থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানিয়েছেন, সকাল থেকেই সাধারণ দর্শকদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। 

দুপুরে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুরো এলাকা পর্যবেক্ষণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা নিবেদন শেষে এলাকা ত্যাগ করার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ পুনরায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তারেক রহমান আজ জুমার নামাজের পর প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন।

ইএইচ