পিরোজপুর-১ আসনে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এনেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আগে ঘোষিত মোস্তফা জামাল হায়দারের পরিবর্তে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অপারগতা প্রকাশ করায় কেন্দ্র থেকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সংবাদমাধ্যমকে বলেন, মোস্তফা জামাল হায়দার নিজের অসুস্থতার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলে কেন্দ্র থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। জেলা পর্যায় থেকে দলের ত্যাগী নেতাকে প্রার্থী দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘ দিন ধরে নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতি করছি। দলের এই মূল্যায়নে আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়ী হয়ে এই আসনটি দেশনেত্রীকে উপহার দেব।
উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে আরও সক্রিয় হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন