ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:১৪ পিএম
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। 

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন।

তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে নিজ এলাকার মানুষের সেবা করা তার দীর্ঘদিনের স্বপ্ন। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও ‘বাস্তবিক প্রেক্ষাপটের’ কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে লড়বেন না। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন, তা রক্ষায় পরিস্থিতি যা-ই হোক না কেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকবেন।

একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ের চ্যালেঞ্জগুলো স্বীকার করে তিনি বলেন, “দলের প্রার্থী হলে সুসংগঠিত কর্মী বাহিনী ও সাংগঠনিক সুরক্ষা থাকে, যা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে অনুপস্থিত। তবে আমার একমাত্র ভরসা খিলগাঁও-সবুজবাগ ও মুগদাবাসী। আপনাদের সততা ও নিষ্ঠার ওপর বিশ্বাস রেখেই আমি এই কঠিন পথে যাত্রা শুরু করেছি।”

নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষরের প্রয়োজন। এই বিশাল সংখ্যক স্বাক্ষর সংগ্রহের কাজে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে চলমান বিতর্কের জেরে তাঁর এই পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ইএইচ