বিড়ালছানাদের সঙ্গে খুনসুটি, তারেক রহমানের প্রাণিপ্রেমের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৩৫ পিএম
বিড়ালছানাদের সঙ্গে খুনসুটি, তারেক রহমানের প্রাণিপ্রেমের ছবি ভাইরাল

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে শেকড়ে ফিরে পারিবারিক ও আবেগঘন মুহূর্ত পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার বিকেলে ধানমণ্ডিতে নিজের শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ যান তিনি। সেখানে বিড়ালছানাদের সঙ্গে তার সময় কাটানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় ‘প্রাণিপ্রেমী তারেক রহমান।’ 

ছবিতে দেখা যায়, নেটের খাঁচার ভেতর থাকা কয়েকটি বিড়ালছানাকে পরম মমতায় হাত দিয়ে আদর করছেন তিনি। ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই মানবিক ও কোমল হৃদয়ের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, তারেক রহমানের পরিবারেরও ‘জেবু’ নামের একটি পোষা বিড়াল রয়েছে, যা গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে লন্ডন থেকে বিমানে করে ঢাকায় এসেছে। এর আগে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর বিমানবন্দরের কাছে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় অংশ নেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন।

শ্বশুরবাড়িতে অবস্থানের সময় তারেক রহমান আত্মীয়-স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। ১৭ বছর পর প্রিয় আঙিনায় তাঁর এই ফিরে আসা পরিবারের সদস্যদের মাঝেও এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

ইএইচ