শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজপথ কাঁপানোর ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুর ২টা থেকে দেশের আটটি বিভাগীয় নগরীতে একযোগে ‘সর্বাত্মক’ অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি। শনিবার দিবাগত রাতে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
প্রাথমিকভাবে আজ বেলা ১১টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও পরবর্তীকালে কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুরে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পরই তারা মাঠে নামবেন। তবে শনিবার রাতের মতো শাহবাগে রাতভর অবস্থানের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে রাতে শাহবাগ মোড় থেকে সরে দাঁড়ালেও দুপুরের পর থেকে ফের রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছেন তারা।
গত ১২ ডিসেম্বর পল্টনে নৃশংস হামলার শিকার হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত দুদিন ধরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। কেবল ঢাকা নয়, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকাতেও শনিবার দুপুর থেকে অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা। ইনকিলাব মঞ্চের দাবি, সোনা বা জীবনের মায়া ত্যাগ করে তারা হাদির রক্তের প্রতিটি ফোঁটার বিচার আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবেন না।
বিক্ষোভ সমাবেশ থেকে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এখনো আশানুরূপ কোনো পদক্ষেপ দেখা যায়নি। খুনিদের পালানোর সুযোগ করে দেওয়া এবং মূল পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা করা হলে সাধারণ ছাত্র-জনতা তা মেনে নেবে না। আজকের আট বিভাগের অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারকে একটি কঠোর বার্তা দিতে চায় ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন