মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:৫২ পিএম
মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও অনেক ত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও ১ আসন থেকে লড়ার জন্য দলীয় মনোনয়ন পেয়েছি। সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল তাকে পুনরায় এই আসনে প্রার্থী করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন জনগণের সেবা করার যে সুযোগ তৈরি হয়েছে তার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা যদি মানুষের ভালোবাসায় জয়ী হতে পারি তবে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও সামাজিক শান্তি বজায় রাখতে কাজ করব।

তিনি আরও বলেন আমাদের মূল লক্ষ্য হবে এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা। বিশেষ করে নতুন কর্মসংস্থান তৈরি করাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এছাড়া স্থানীয় কৃষকরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো সমাধানে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।

ভোটারদের প্রতি আবেদন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আপনারা অতীতে যেভাবে আমাকে ভালোবেসেছেন ঠিক সেভাবেই আগামীতেও পাশে থাকবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার শক্তি চেয়ে তিনি সবার কাছে দোয়া চান।

জেএইচআর