জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:২০ পিএম
জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের নির্বাচনী আসন সমঝোতায় নতুন করে যুক্ত হয়েছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। এর ফলে এই সমঝোতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ তে।

সোমবার সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মুঠোফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং এ নিয়ে দুই দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন যে, আট দলের এই সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যুক্ত হয়েছে। আজ এবি পার্টির অন্তর্ভুক্তির মাধ্যমে এই বৃহৎ নির্বাচনী সমঝোতা আরও শক্তিশালী হলো।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো এখন চূড়ান্ত প্রার্থী তালিকা এবং আসন ভাগাভাগির হিসেব মেলাতে ব্যস্ত। জামায়াতের নেতৃত্বাধীন এই ১১ দলের সমঝোতা নির্বাচনী ময়দানে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইএইচ