নাহিদ ইসলাম

জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক, তার পক্ষে আমরা কাজ করব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:৪৪ পিএম
জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক, তার পক্ষে আমরা কাজ করব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে বড় চমক হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। দলে যোগ দেওয়ার পর আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদের এই যোগদান দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কারণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন পরিচালনা কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন, যার স্থলাভিষিক্ত হলেন আসিফ মাহমুদ। এ ছাড়াও তাঁকে দলের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সময় আসিফ মাহমুদ বলেন, "আমি নিজে সংসদে যাওয়ার চেয়ে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও বিপুল সংখ্যায় সংসদে পাঠানোর জন্য কাজ করতে চাই। এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।" 

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমপি নির্বাচনের পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি, যা বাংলাদেশকে আগামী একশ বছর এগিয়ে নিয়ে যাবে।

নির্বাচনী আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে এ পর্যন্ত ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিভিন্ন ত্রুটি ও কৌশলগত কারণে কিছু বাড়তি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, যা কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত ও স্পষ্ট করা হবে। তিনি আরও বলেন, ১১-দলীয় জোটের স্বার্থে দলের অনেকের ব্যক্তিগত আত্মত্যাগ করতে হতে পারে, যা পরবর্তী সময়ে দল যথাযথভাবে মূল্যায়ন করবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কোনো সহিংসতা ছাড়াই বাংলাদেশ সফলভাবে গণতান্ত্রিক পথে উত্তরণ করবে এবং অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

ইএইচ