বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি।
জিএম কাদের তার বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে বেগম জিয়া অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যে শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের চলে যাওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তার দৃঢ় অবস্থান ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন