দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত ও আলোচিত এই নেত্রীর বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্তে দলের ভেতরে ও বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার থাকা রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এই চরম সাংগঠনিক পদক্ষেপ নিল বিএনপি হাইকমান্ড।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন