তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পার্লামেন্টের (জাতীয় পরিষদ) স্পিকার সরদার আয়াজ সাদিক অংশ নেবেন।
মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসহাক দার তার পোস্টে জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উপস্থিত থাকবেন।
এর আগে আজ সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নিজের আসার কথা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্পিকারকে পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রও স্পিকার সরদার আয়াজ সাদিকের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজায় অংশ নিয়ে তিনি পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর এই প্রয়াণে ভারত, ভুটান ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা শ্রদ্ধা জানাতে আগামীকাল ঢাকায় আসছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন