বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে রাখা হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছায়।
বর্তমানে গুলশানের ওই বাসভবনে মা বেগম খালেদা জিয়ার কফিনের পাশে বসে পরম মমতায় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও নিকটাত্মীয়রা। প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করছেন দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীরা।
এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে প্রিয় নেত্রীর মরদেহ বের করা হয়। এসময় বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর কফিন। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
এদিকে, প্রিয় নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে পৌষের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর দিকে ছুটছে মানুষের ঢল। সংসদ ভবন এলাকা, গুলশান ও এভারকেয়ার হাসপাতালের আশপাশে রাত থেকেই অবস্থান নিয়েছেন হাজারো নেতাকর্মী।
বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল আজ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফন ঘিরে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর প্রয়াণে আজ সারা দেশে সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন