মানবিক সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র-সমাজ নির্মাণই ২০২৬ সালের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, “ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন সংকল্প গ্রহণের অনুপ্রেরণা দেয় নববর্ষ। পুরোনো দুঃখ-বেদনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে আশা ও উদ্দীপনার সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ সৃষ্টি করে এই সময়।”
বিএনপি মহাসচিব তার বার্তায় দলের মূল লক্ষ্য তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত থাকবে। একটি শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের নববর্ষের মূল প্রতিজ্ঞা।”
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে বলেন, “বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনে আরও কঠিন ও কষ্টকর সময় অতিক্রম করতে হতে পারে। ভবিষ্যতে যেন কোনোভাবেই নিষ্ঠুর ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সেজন্য শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা ও বিকাশ ঘটাতে আমাদের সবাইকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বাণীর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ এবং সার্বিক কল্যাণ সাধনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। নতুন বছর সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনাই করি।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন