খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৩৩ পিএম
খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করা যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরামর্শে নিহত যুবক নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় ছুটে যান বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এর আগে, গতকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন নিরব হোসেন। তিনি জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা। এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে নিরব হোসেনের গ্রামের বাড়ি যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের কাছে তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।

ইএইচ