সালাহউদ্দিন আহমদ

নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনই মানুষের প্রত্যাশা

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:১১ পিএম
নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনই মানুষের প্রত্যাশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে এটাই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা।"

শুক্রবার বিকেল পৌনে ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে।"

নির্বাচনকে সামনে রেখে তফসিলে ঘোষিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে শুক্রবার এক দিনের সফরে কক্সবাজারে গিয়েছেন সালাহউদ্দিন আহমদ। 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের পূর্বনির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনটি ধার্য ছিল কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন দুটিতে মনোনয়নপত্র দাখিল করা সম্ভাব্য প্রার্থীদের জন্য।

এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৫ জন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। 

কক্সবাজার-১ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে বলে জানা গেছে। তাঁরা হলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের আব্দুল কাদের।

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।

ইএইচ