পোস্টাল ব্যালটে অনিয়ম, ইসির কাছে ব্যাখ্যা দাবি বিএনপির

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:১৭ পিএম
পোস্টাল ব্যালটে অনিয়ম, ইসির কাছে ব্যাখ্যা দাবি বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের জন্য পাঠানো ডাকযোগে ব্যালটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির দাবি, ডাকযোগে ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে দলটি। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ব্যালট বিতরণে বিশৃঙ্খলা ও জালিয়াতির অভিযোগ নির্বাচন ভবন থেকে বের হয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে, তার ব্যবস্থাপনা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

তিনি অভিযোগ করেন, এই ব্যালটগুলো সঠিকভাবে যাচাই বাছাই বা নিয়ম মেনে প্রণয়ন করা হয়নি। সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছেন, ভিডিও আকারে বিভিন্ন অনিয়ম প্রকাশ পাচ্ছে। একেকটি বাসায় ২০০ থেকে ৩০০টি করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ব্যালট পেপার জব্দ করা হচ্ছে। আবার কোথাও নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, যা আগামী ২২ তারিখে হওয়ার কথা ছিল। 

তিনি আরও অভিযোগ করেন, একজনের মোবাইল নম্বর ব্যবহার করে অন্যজন ব্যালট গ্রহণ করছে, এমন প্রমাণও পাওয়া গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন এবং কার স্বার্থে এমন অনিয়ম করছেন।

আমরাই ভিকটিম হচ্ছি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়াটি এবারই প্রথম ব্যাপকভাবে চালু করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নতুন কোনো পদ্ধতিতে ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু এখানে যা হচ্ছে তা সুপরিকল্পিত। এখানে আমরা বিএনপি সরাসরি ভিকটিম হচ্ছি।

আমাদের ধারণা এবং বর্তমানে যা প্রমাণিত হচ্ছে তা হলো, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা নিশ্চিত করতে এসব কারসাজি করা হয়েছে। এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে জাতির সামনে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

ভোটার স্লিপ ও আচরণবিধি নিয়ে আপত্তি ডাকযোগে ব্যালটের পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান আচরণবিধিতে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক বা ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি ভোটারদের বিভ্রান্ত করতে পারে। 

তিনি বলেন, ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং তাদের চেনার সুবিধার্থে স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকা আবশ্যক। নির্বাচন কমিশন চাইলে জনস্বার্থে এবং ভোটারদের সুবিধার্থে এই আচরণবিধি এখনই সংশোধন করতে পারে।

প্রচারণায় বৈষম্যের অভিযোগ নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ তোলেন সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন। 

অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে জনসভা ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অনেক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির সুনির্দিষ্ট প্রস্তাব দেশের ভেতরে যারা ডাকযোগে ব্যালট ব্যবহার করবেন, তাদের জন্য বিএনপি একটি লিখিত প্রস্তাব দিয়েছে। দলটির প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ব্যালট পেপারেই যাতে প্রার্থীদের নাম ও প্রতীক থাকে যেন ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশন এই প্রস্তাবটি যৌক্তিক বিবেচনায় গ্রহণ করবে বলে বিএনপি আশা প্রকাশ করেছে। 

আজকের এই প্রতিনিধি দলে সালাহউদ্দিন আহমদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক জ্যেষ্ঠ সচিব এবং কায়সার কামাল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক।

প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে ডাকযোগে ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভোটারদের মধ্যে সংশয় তৈরি করেছে। 

এর আগে গতকাল বুধবার বাহরাইনে ডাকযোগে ব্যালট বিতরণে অনিয়মের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচন কমিশনও ভিডিও ভাইরালের বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে বিএনপি মনে করছে, শুধুমাত্র তদন্তের আশ্বাস যথেষ্ট নয়, বরং এই জালিয়াতি রোধে কমিশনকে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিতে হবে। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্বাচনের আগে এ ধরনের অসঙ্গতি দূর করা না হলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়বে।

জেএইচআর