‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৩৬ পিএম
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন। 

শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন, তিনি শেষ বারের মতো তাকে সতর্ক করে দিচ্ছেন এবং এ ধরনের কথা আর শুনতে চান না। 

প্রার্থী আরও বলেন, অন্যরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তিনি রুমিন ফারহানা অনুমতি না দিলে ম্যাজিস্ট্রেট সেখান থেকে বের হতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত পরিচয়ের ওপর গুরুত্ব দিয়ে উষ্মা প্রকাশ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচন বিধিমালা ১৮ লঙ্ঘন করে সমাবেশের আয়োজন করায় তারা সেখানে গিয়ে বাধা প্রদান করেন। নিয়ম বহির্ভূত এ কাজের জন্য সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও অভিযোগ করেন, জনসভা করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ইএইচ