জামায়াতের আমির

বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করা হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:০৬ পিএম
বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করা হবে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকারদের জন্য অসম্মানের ভাতা নয়, বরং স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ঘরকে এক একটি শিল্প কারখানায় পরিণত করার পরিকল্পনা রয়েছে আমাদের। অনেকে বেকার ভাতার কথা বলেন, যা মূলত মানুষের জন্য অসম্মানের। আমরা চাই বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে। 

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে জামায়াত তিনটি শর্তে দেশ পরিচালনা করবে প্রথমত, কোনো দুর্নীতি হবে না এবং দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না; দ্বিতীয়ত, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং তৃতীয়ত, গণভোটের মাধ্যমে সকল বৈষম্যের অবসান ঘটানো হবে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে জামায়াতের আমির অভিযোগ করেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণে এ অঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতে পারেনি। ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষকে অভাবী করে রেখেছে। আগামীতে ইনসাফের ভিত্তিতে দেশ চললে কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাবেন। এছাড়া সরকার গঠনের সুযোগ পেলে প্রতিটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী পঞ্চগড় ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন তিনি। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সফর শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

ইএইচ