নিজের নির্বাচনী এলাকায় জনসভা করে ভোটারদের কাছে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন, কর্মসংস্থান ও নিরাপত্তাসহ ঢাকা-১৭ আসনের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনে শুক্রবার রাতে রাজধানীর ভাষানটেকের বিআরবি ময়দানে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ বক্তব্য দেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের সাথে সরাসরি কথা বলে এলাকার সমস্যাগুলো জেনে তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান। এ এলাকায় বড় হয়েছি। তাই এ এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও প্রত্যাশার দায় আমি নিতে চাই। সুযোগ পেলে ইনশা আল্লাহ এসব সমস্যার সমাধান করব।
জনসভায় অংশ নিতে দুপুরের পর থেকেই ভাষানটেক ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার সমর্থক বিআরবি ময়দানে জড়ো হন। তারেক রহমান মঞ্চে ওঠার পর উপস্থিত জনতা তাকে স্লোগানে স্বাগত জানান।
বক্তব্যের শুরুতে তিনি দর্শকসারি থেকে ভ্যানচালক মো. জুয়েল, শিক্ষার্থী হেনা আক্তার ও স্থানীয় নারী লিলি ও শান্তাকে মঞ্চের কাছে ডেকে তাদের সমস্যার কথা শোনেন।
তারা পুনর্বাসন, নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানের দাবি জানালে তারেক রহমান আশ্বস্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করলে আপনাদের এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশের প্রতিটি খাত পুনর্গঠন করতে হবে। আর এ দায়িত্ব কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে।
বিগত ১৬ বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর দেশ নতুনভাবে এগোতে চায়। বাংলাদেশের মানুষ এমন পরিবর্তন চায় যেখানে নিরাপত্তা বাড়বে এবং তরুণদের কর্মসংস্থান হবে।
তিনি জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রকে পেশাদার হিসেবে গড়ে তোলার রূপকল্পও তুলে ধরেন তিনি।
নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা প্রতিটি মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব এবং কৃষকদের জন্য সহজ ঋণ ও বীমা সুবিধা নিশ্চিত করব। জনসভায় উপস্থিত আত্মীয়স্বজন ও বন্ধুদের মাধ্যমে সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার তোলার আহ্বান জানান তিনি।
ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহবুবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম, যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন