ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান। জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সার্কিট হাউস মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জ ও রাজনৈতিক সমীকরণ ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্রমতে, এই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অন্তত পাঁচজনের জয়লাভের জোরালো সম্ভাবনা রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁদের সমর্থকদের একটি বড় অংশ তারেক রহমানের এই জনসভায় অংশ নেননি বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, ময়মনসিংহের আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এসব ভোট যে প্রার্থীর বাক্সে যাবে, তাঁরই জয়লাভের সম্ভাবনা বেশি। তবে বিএনপি সমর্থকদের দাবি, এই অঞ্চলে জামায়াতের প্রভাব কেবল ফুলবাড়িয়া আসনে সীমাবদ্ধ, অন্য কোথাও তারা তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না।
মাঠের চিত্র ও নেতাকর্মীদের প্রত্যাশা সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তারেক রহমান পৌঁছানোর আগে থেকেই শহর ও বিভিন্ন উপজেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে শুরু করেন। তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো শহর সাজানো হয়েছে জিয়াউর রহমান ও তারেক রহমানের বড় বড় ছবি ও তোরণে। জনসভায় আসা নেত্রকোনা ১ আসনের বিরিশিরি ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম আশা প্রকাশ করেন, এবার তাঁদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।
পরবর্তী কর্মসূচি ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। পর্যায়ক্রমে তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন জেলা সফর করেছেন। ময়মনসিংহের পর তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন