রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি অত্যাধুনিক মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে এই ভ্রাম্যমাণ প্রচার অফিস ও বাসের উদ্বোধনের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
উদ্বোধন শেষে জামায়াত আমির বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি উঠবে। দেশের মানুষ এবার প্রকৃত পরিবর্তন চায় এবং জামায়াত দেশের মানুষের সেই বিজয় নিশ্চিত করতে চায়।
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষই বিজয়ী হবে।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে-এমন প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে নির্বাচনী প্রচারণায় হামলা চালানো হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়।
পরে তিনি ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন এবং তাদের কাছে আসন্ন নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন