জামায়াত আমির

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন খালেদা জিয়া

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০১:১২ পিএম
আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন খালেদা জিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আধিপত্যবাদকে কখনো প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। এই আপসহীন অবস্থানের জন্য আমরা তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

শুক্রবার সকালে ফেনী শহরের পাইলট স্কুলমাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনীতে মেডিকেল কলেজ ও স্টেডিয়ামের আশ্বাস জনসভায় ফেনীবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষের বাংলাদেশে কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আল্লাহ যদি দেশসেবার তৌফিক দেন, তবে ফেনীবাসী তাদের পাওনা বুঝে পাবে।” এ সময় তিনি ফেনীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।

সীমান্তে বাঁধ সমস্যা ও ভারত প্রসঙ্গ ফেনীর বন্যার অন্যতম কারণ মুহুরী নদীর বাঁধ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই বাঁধের স্থায়ী সমাধান হয়নি। আমরা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজে বের করব। কারণ, দেশ রক্ষা করার অধিকার আমাদের এবং এই দায়িত্ব আমাদের নিতেই হবে। এই দাবি অগ্রাহ্য করে আমরা চলতে পারি না।

ব্যস্ত সফরসূচি ফেনীর জনসভা শেষ করে ডা. শফিকুর রহমান আজ বেলা সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম, দুপুরে নিমসার ও দাউদকান্দিতে পথসভা শেষে তিনি ঢাকায় ফিরবেন। বিকেলে ঢাকা-১১ এবং সন্ধ্যায় ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

জেএইচআর