বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদ পারভেজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শরীয়তপুরে সুজন আয়োজিত প্রার্থীদের মুখোমুখি এক সভায় বাকস্বাধীনতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের পক্ষে কথা বলায় বিএনপির নেতাকর্মীরা তার ওপর এ হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শরীয়তপুরে সুজন আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিঞা ২০০১ থেকে ২০০৬ সালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললে বিএনপির নেতাকর্মীরা তাকে বাধা দেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। এ সময় মাহমুদ পারভেজ সবার কথা বলার অধিকার ও বাকস্বাধীনতার পক্ষে কথা বললে বিএনপির নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত, বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম নীরব ভূমিকা পালন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, ছাত্রদল কর্মী আরাফাত, বিএনপি নেতা খলিল খান, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল ফকির ও যুবদল নেতা ফজলু বেপারীসহ জেলা ও উপজেলার অনেক নেতাকর্মী অংশ নেন বলে বিবৃতিতে দাবি করা হয়।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের সন্ত্রাসী আচরণ গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। মাহমুদ পারভেজের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন